স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার বুড়াইচ দক্ষিণ পাড়া গ্রামের আকবার শেখের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মূর্তিটি উদ্ধার করে ফরিদপুর-১০। মূর্তি উদ্ধারের নেতৃত্বে ছিলেন ফরিদপুর-১০ কোম্পানির কমান্ডার তারিকুল ইসলাম।
এ ঘটনায় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামের এক যুবককে আটক করা হয়। সাদ্দাম বুড়াইচ দক্ষিণ পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। উদ্ধারের পর র্যাব সদস্যরা মূর্তি ও আটক সাদ্দাম শেখকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
র্যাব সূত্রে জানা যায়, একটি চক্র মূল্যবান কষ্টি পাথরের মূর্তি নিজেদের হেফাজতে রেখে পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়াইচ গ্রামের দক্ষিণ পাড়া আকবার শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়ির পাশে পুকুরের পাড় থেকে লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ নামের এক যুবককে আটক করা হয়। আটক সাদ্দাম ও মূর্তি পাচারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর-১০ পক্ষ থেকে মামলা করবেন বলে জানা গেছে।
আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান বলেন, এই ঘটনায় ফরিদপুর র্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। সাদ্দাম শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
