স্টাফ রিপোটার : ফরিদপুরে চালক টিপু শেখকে হত্যা করে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া রিকশা ও হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হল, ফরিদপুর সদর উপজেলার বাকিগঞ্জ এলাকার বাছের মোল্লার ডাঙ্গী গ্রামের ফিরোজ খান এর ছেলে রাজিব খান ও বায়তুল আমান এলাকার নূর মোহাম্মদ ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে মান্নান হাওলাদার।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, গত ১৮ ডিসেম্বর ঈশান গোপালপুর ইউনিয়নের চাদপুর গ্রামের একটি কলাবাগান থেকে রিক্সা চালক টিপু শেখ এর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত রাজিব খানকে একটি ইটের ভাটা থেকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে ধারালো চাকু ও লোহার পাত উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া রিক্সাটি বায়তুল আমান এলাকার মান্নান হাওলাদারের বাড়ি থেকে উদ্ধারের পর তাকে আটক করে পুলিশ।
আসামী রাজিব খান মাদকের টাকা জোগাড় করতে এই হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
