স্টাফ রিপোর্টার:
ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে মার্কেটটির উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ফরিদপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, ফরিদপুর সদর উপজেলার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ মার্কেট চালুর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
