স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অবরোধ কর্মসূচি চলাকালে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অবরোধ কর্মসূচি চলাকালে গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজু মোল্লা মোটরসাইকেলে ভাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে এজাহারভুক্ত আসামিরা ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রাজু মোল্লার ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা রাজু মোল্লাকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে সড়কে নামিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, চলন্ত বাসে ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তিনি দিনভর ফরিদপুর আদালতে ছিলেন। মামলাটির তদন্তের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে বলে শুনেছেন। মামলার বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে তথ্য জানাবেন। এছাড়া ভাঙ্গায় নাশকতার ঘটনায় ২৫ জনকে আটক করার বিষয়েও তিনি ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে। ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে।
এদিকে, গত শনিবার নিহত রাজু মোল্লার গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় এমপি শহীদুল ইসলাম বাবুল নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
