স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে সতর্কতামূলক মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিল থেকে মিছিলটি শুরু হয়। পরে শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে এ সতর্কতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়।
