স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে ফরিদপুরে মহাসড়কে মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা থেকে ভাঙ্গা উপজেলার পুখুড়িয়ার মধ্যে ঢাকা-বরিশাল মহা সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ানকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাড়ে নয়টার দিকে আপলোড করেন।
এক মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায় শতাধিক ব্যক্তি শ্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। তাদের পাশ দিয়ে দূরপাল্লার বাসগুলি চলে যাচ্ছে। ওই মিছিলটি জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরীকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে।
মিছিলকারীরা যে সব শ্লোগান দেন তার মধ্যে ছিল, “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে”, “শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই”, “ফরিদপুর জেলা ছাত্রলীগ-মোদের নেতা শেখ মুজিব”, “আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম”, “ক্ষমতা না জনতা-জনতা জনতা” প্রভৃতি।
তামজীদুল রশিদ চৌধুরী হোয়াস্টঅ্যাপে বলেন, মিছিলের আগে আমরা ১৫ মিনিটের জন্য মহা সড়ক অবরোধ করি। ওই সময় মহা সড়কের দুই পাশে যে সব বাস আটকা পড়ে আমরা প্রতিটি বাসে উঠে যাত্রী ও চালকদের আমাদের হরতাল ও অবরোধ কর্মসূচি তুলে ধরে এ ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করি।
তিনি বলেন, আমরা কোন সহিংসতা করিনি। পরে মহাসড়কে আমরা মিছিল বের করি।
তবে মিছিলকারীদের কোন ব্যনার ব্যবহার করতে দেখা যায়নি।
এ বিষয়ে তামজীদুল রশিদ চৌধুরী বলেন, শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন আমরা। আমি রিয়ান আমার ব্যানার লাগে না । আমি শেখ হাসিনার ম্যান এটাই আমার ব্যানার।
তবে মহাসড়কে ছাত্রলীগের এ মিছিল করার দাবি অস্বীকার করেছে নগরকান্দা পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি আমার নগরকান্দা থানার সীমানার কোনও মহাসড়কের ঘটনা বলে মনে হয়নি, অন্য কোথাও মিছিল করে এখানে মিছিল করার দাবি করা হতে পারে।
তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আমরা মহাসড়কে আছি, টহল দিচ্ছি। এ জাতীয় কোন মিছিল আমার নিয়ন্ত্রাণাধীন এলাকায় হয়েছে বলে আমার জানা নেই।
