নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা ইনফো২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার রিজবি। সশস্ত্র এই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। ১৬ এপ্রিল (রবিবার) সভারের পাকিজা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাত এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারা। পৃথক বিবৃতিতে তারা এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সাংবাদিক শাহরিয়ার রিজবি এবং তার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১৬ এপ্রিল) রাতে কর্মস্থল থেকে সাভারে নিজ বাসায় ফেরার পথে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল রিজবির মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা জানতে চায় যে, শাহরিয়ার রিজবি কেন বিএনপি-জামায়াত-হেফাজতকে নিয়ে সংবাদ লিখছে। পাশাপাশি তারা উচ্চস্বরে গালাগাল দিতে থাকে। এসময় রিজবি তাদের কথার প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রিজবির ওপর উপর্যপুরি আঘাত করতে শুরু করে। এতে তার ডানহাত ও নাকের হাড় ভেঙে যায়। সেই সঙ্গে, তার মাথা ও শরীরের অন্যান্যস্থানেও মারাত্মক জখম হয়।
এক পর্যায়ে শাহরিয়ার রিজবির আত্মচিৎকারে লোকজন আসার শব্দ শুনে হামলাকারীরা তাকে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে ছুটে আসা লোকজন তাকে উদ্ধার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
রিজবি জানান, জায়গাটি অন্ধকার হওয়ায় এবং সন্ত্রাসীদের মুখে কালো কাপড় বাঁধা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
যোগাযোগ করা হলে সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমরা শুনেছি সাংবাদিক শাহরিয়ার রিজবির সন্ত্রাসী হামলার হয়েছেন। আমাদের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ওসি জানান, ‘পাকিজা মোড় এলাকায় কোনো আলোর ব্যবস্থা না থাকায় অপরাধীরা এই জায়গাটিকে অপরাধ কাজের জন্য বেছে নেয়। প্রায়ই এখানে নানা অপরাধকাণ্ড ঘটার সংবাদ পাওয়া যায়। কীভাবে ওই এলাকায় রাতে সার্বক্ষণিক বাতির ব্যবস্থা করতে পারি সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’
এদিকে শাহরিয়ার রিজবির ওপর হামলার ঘটনায় এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেছেন, ‘সাংবাদিকদের ওপর এ ধরনের নেক্কারজনক হামলা সাংবাদিকতার জন্য প্রতিবন্ধক। হামলাকারীরা যারাই হোক না কেন তাদের খুঁজে বের করে দ্রুত আইন আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ এ ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, ‘সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ভীতির পরিবেশ তৈরি করে। এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে অপরাধীরা ভবিষ্যতে আরও বড় অপরাধের সাহস দেখাবে।’
রিজবির পরিবার সূত্রে জানা গেছে, তারা এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ‘নিজেদের স্বার্থ হাসিলে উগ্রবাদী হেফাজতে ইসলামকে ঢাল বানিয়েছে বিএনপি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা ইনফো২৪ ডটকম। এর আগে গত ২ মার্চ ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াতের নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই দুটি প্রতিবেদনের প্রতিবেদক ছিলেন শাহরিয়ার রিজবি।
