স্টাফ রিপোর্টার :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের ওপর জোর দেয়; যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, একটি অংশীদারত্বের ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়; যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।
বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একই দিন ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদির। এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠাচ্ছেন।
ফেব্রুয়ারিতে দিল্লি ও মুম্বাইয়ে আয়োজিত ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির পক্ষে ঢাকা সফর করা সম্ভব হচ্ছে না। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। সামিটের ফাঁকে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
