স্টাফ রিপোর্টার:
বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। মাঠঘাট, গ্রামের পথঘাট ও বনাঞ্চলে ফুটেছে আগুনরাঙা পলাশ ফুল। দৃষ্টিনন্দন এই ফুলের সৌন্দর্য আর মৃদু সুবাসে মুখর হয়ে উঠেছে চারপাশ। এমনই সৌন্দর্যের দেখাও মিলেছে ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে । সেখানে কালো কুশির মধ্যে রঙিন হয়ে ফুটেছে পলাশ ফুল।
ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতির এই সাজ যেন নতুন প্রাণের বার্তা দিচ্ছে।
দূর থেকে দেখলে মনে হয়, সবুজের মাঝে আগুনের শিখা জ্বলছে।
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান খোকন জানান, প্রতি বছর এই সময়টাতে পলাশ ফুল প্রকৃতিকে অন্যরকম রূপ দেয়, যা মানুষের মনেও আনন্দ ছড়িয়ে দেয়।
প্রকৃতিপ্রেমী অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন বলছেন, পলাশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বসন্তের সাংস্কৃতিক আবহেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই সৌন্দর্য উপভোগ করতে পলাশ গাছের কাছে ছুটে যাচ্ছে।
পরিবেশবিদ প্রফেসর আলতাব হোসেনের মতে, দেশীয় গাছ সংরক্ষণ ও বেশি করে পলাশসহ অন্যান্য ফুলের গাছ লাগানো হলে পরিবেশ যেমন সমৃদ্ধ হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে।
বসন্তের এই সময়ে পলাশের সৌরভ ও রঙ যেন প্রকৃতির পক্ষ থেকে মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিচ্ছে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, সুশুভিত পলাশ ফুল আমাদের হৃদয় মনকে দোলা দেয়। এর রং মন ভুলানোর মতো, যে কোন মানুষকেই আকৃষ্ট করে। ক্লাবের চত্বরে বেড়ে উঠা পলাশ গাছে ফু্ল শহরবাসিকে প্রতিনিয়ত মুগ্ধ করছে।
