স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ব্রিজের উপর থেকে উদ্ধারের ২৪ ঘন্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমাটি।
রোববার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা এন্টি ট্রেরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। এটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল বলে জানিয়েছে এটিইউ এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ।
গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।
এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রীজের দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
