স্টাফ রিপোর্টার :
নির্বাচন কমিশনে এসে ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার দুপুর একটায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তিনি।
নির্বাচন কমিশনে প্রবেশ করে তারেক রহমান সরাসরি ইটিআই ভবনে যান আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে। সেখানে কাজ শেষ করে দুপুর সোয়া একটার দিকে বের হন তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমান অনলাইনে ভোটার হওয়ার ফরম পূরণ করে এসেছিলেন। ফলে ইসিতে তার বেশিক্ষণ সময় ব্যয় হয়নি।

এর আগে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ভোটার হওয়ার জন্য ইসিতে এসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চলে যান।
তারেক রহমান ইসিতে আসার আগে এনআইডি মহাপরিচালক (ডিজি) বলেন, “আমরা যতটুকু জেনেছি তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।”
ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।
তিনি আজ গণমাধ্যমকে বলেন, “উনি (তারেক রহমান) আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।”
হুমায়ুন কবীর বলেন, “ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে।”
ইসিতে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
সেখানে তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।
মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রমুখ।
