স্টাফ রিপোটার : ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আনন্দঘন পৌষ পার্বণ উদ্যাপন করা হয়েছে। শীতকালকে বরণ করে নেওয়ার এই আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে মিলনমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পরম্পরার যাত্রায় প্রদীপ হস্তান্তর’। এই প্রতীকী আয়োজনে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে জ্ঞান, মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা তুলে দেওয়ার তাৎপর্য তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, সদস্য সচিব হাসানউজ্জামান, সদস্য আহমেদ জালাল, শাহানা জলি, মেহেদী হাসান মিঠুসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
নাট্য সংগঠন নাট্য কুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্তর নির্দেশনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, আলোচনা এবং শীতকালের স্মৃতিচারণে অংশ নেন আগত অতিথিরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রদীপের আলো যেমন নিভে না গিয়ে আরেক প্রদীপে ছড়িয়ে পড়ে, তেমনি পূর্বসূরিদের আদর্শ, শিক্ষা ও অভিজ্ঞতা নতুন প্রজন্মকে আলোকিত করে। এই ধারাবাহিকতাই সমাজ ও সংস্কৃতিকে টিকিয়ে রাখে এবং এগিয়ে নিয়ে যায়।
পৌষ পার্বণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও মিলনমেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
