স্টাফ রিপোর্টার : শহীদ বুদ্ধিজীবী দিবসের সন্ধ্যায় তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি সহযোগে আলোর মিছিল ও আলোচনা সভার আয়োজন করে ফরিদপুরের সংস্কৃতি কর্মীরা।
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ব্যানারে তারা আদালত চত্বরে স্বাধীনতা মঞ্চের সামনে থেকে আলোর মিছিল নিয়ে ফরিদপুর স্টেডিয়ামের পাশে গণকবরে গিয়ে শ্রদ্ধা জানান। তারপরে তারা শোভাযাত্রা নিয়ে স্বাধীনতা মঞ্চে আলোক সঞ্চালন করেন।
এরপর ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন তারা।
নাট্য ব্যক্তিত্ব ম. নিজামের সঞ্চালনায় সভার সভাপতিত্বে করেন সাহিত্য উন্নয়ন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন। শুরুতে জাতীয় সংগীত ও নীরবতা পালন শেষে আলোচনায় অংশ নেন সুধীজন। এরপর দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়।
