স্টাফ রিপোর্টার: দেশে স্পষ্ট হতে শুরু হয়েছে শীতের দাপট। বাতাসে কমছে আদ্রতা বাড়ছে শীত। বুধবার ভোরে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা গিয়েছে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গতদিনের তুলনায় কমেছে বাতাসে আদ্রতার পরিমাণ। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।
আবহাওয়া সিনপটিক অবস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন, তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। আজ সকাল ৬টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে ১২ দশমিক ৯ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮০ দশমিক ৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে।
এটি আরও দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয় দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল (বুধবার, ৩ ডিসেম্বর) সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে।
