স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
আহত হয়েছে বেশ কয়েকজন।
উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-পাবনার বেড়া উপজেলার বাসিন্দা ৩০ বছর বয়সী ফারজানা।
নিহত আরেকজন পুরুষ এবং তার বয়স ৩৫ বছর বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহত যাত্রীদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাবিবুর বলেন, “ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘যমুনা লাইন’ পরিবহনের গাড়িটি প্রথমে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের কয়েকজন বাস থেকে নেমে বাসের সামনে গিয়ে দাঁড়ায়।
“এর কিছুক্ষণ পরে মালবোঝাই একটি ট্রাক যমুনা লাইন বাসটির পেছন থেকে ধাক্কা দিলে বাসের সামনে দাঁড়িয়ে থাকা ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক পুরুষ যাত্রী মারা যান।”
স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারজানাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই হাবিবুর রহমান।
তিনি আরো জানান,নিহত ফারজানার দেড় বছরের শিশু মেয়ে জান্নাতুল গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি শিবচর হাইওয়ে থানাঢ রাখা হয়েছে।
