স্টাফ রিপোর্টার : ৬. ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইনসের মধ্যাঞ্চল, এতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির বোগো শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী সেখানে ১৯ জন প্রাণ হারিয়েছেন। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেবুসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিপাইনসের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর প্রভাব কেটে গেছে।
