স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরকান্দা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং একই উপজেলার জিয়াখুলি এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।
দুর্ঘটনায় আহতরা হলেন, নগরকান্দার জিয়াখুলি এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভারইডাঙ্গা এলাকার শওকাতের ছেলে রাজন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
