স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লাল, সদস্য সচিব নজরুল ইসলাম এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ।
বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ফরিদপুরের নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
