স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের চরভদ্রাসনের লকাই বিশ্বাসের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসা সহায়তা ও নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চাবি হস্তান্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিজভী আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছেন, আর সেখানে বসেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।
তিনি নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন, বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
