স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের পালডাঙ্গি এলাকায় নদীভাঙন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ বিতরণ করেন।
রবিবার সকাল ১০টার দিকে তিনি পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল পালডাঙ্গি এলাকায় গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।
এমপি চৌধুরী নায়েব ইউসুফ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে পালডাঙ্গি এলাকার অনেক পরিবার ভিটেমাটি ও বসতভিটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার দাবি জানান তারা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
