স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে পত্রিকার নাম, নিবন্ধন নম্বর ও প্রতীক অবৈধভাবে ব্যবহার করে জালিয়াতি এবং ভুয়া বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলী আদালত মামলাটি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন ‘দৈনিক আজকের সারাদেশ’ (রেজি নং-৫৬৮) পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম। মামলায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ ফয়েজ আহমেদকে একমাত্র আসামী করা হয়েছে।
নালিশি আরজিতে উল্লেখ করা হয়, আসামী শেখ ফয়েজ আহমেদ বাদীর অনুমতি ছাড়া পত্রিকার নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করেন এবং মালিকানা হস্তান্তরের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তীতে সেই সংক্রান্ত বিভ্রান্তিকর দরখাস্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরে পাঠান।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকার প্রতীক ব্যবহার করে ভুয়া পেজ খুলে প্রতারণা চালানোর অভিযোগও আনা হয়েছে। উল্লেখ্য, আসামী সাম্প্রতিক বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামী।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন জানান, অনুমতি ছাড়া পত্রিকার নাম ও নিবন্ধন ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসামী দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
