স্টাফ রিপোর্টার:
মাদকসহ সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা স্বাধীনভাবে তুলে ধরার আহবান জানিয়ে ফরিদপুর সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ আজমেদ বলেন,জেলার সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন, শহরের যানজট নিরসন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামসুদ্দিন মোল্লা মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে চৌধুরী নায়াব ইউসুফ প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বক্তারা ফরিদপুরের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ফরিদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদানের কথা স্মরণ করেন। তাঁর দেখানো পথে চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “আমাদের পরিবার যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসছে। ফরিদপুরের মানুষের কল্যাণ ও উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। আপনারা সাংবাদিকরা ফরিদপুরের উন্নয়ন, মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা স্বাধীনভাবে তুলে ধরবেন এটাই আমি প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, “সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। ফরিদপুরকে একটি পরিকল্পিত, সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবাই মিলে একটি চমৎকার ফরিদপুর গড়ে তুলব এটাই আমাদের স্বপ্ন।”
চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, মানুষের সমস্যা ও এলাকার উন্নয়নের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের পাশে তিনি সব সময় থাকবেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফারিয়ান ইউসুফ, আসাদুজ্জামান দুলাল, আলিমুজ্জামান রনি, এস এ মাসুদুর রহমান তরুণ, তরিকুল ইসলাম হিমেল, এস এম মনিরুজ্জামান ও শেখ সাইফুল ইসলাম অহিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
