স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ
মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য আতাউর রশিদ বাচ্চু।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ পারভেজ, অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার খাইরুল আনাম ও সৈয়দ মোস্তাক হোসেন বাবলুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি গণমানুষের দল হিসেবে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে তারা উল্লেখ করেন।
বক্তারা বিএনপি সরকারের বিভিন্ন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও স্মরণ করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা, হামলা, কারাবরণ, গুম ও নির্যাতনসহ নানা ধরনের হয়রানি করা হয়েছে। বর্তমানে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশ ও জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে এসে আলোচনা সভায় অংশ নেন।
