স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মাহমুদুল হাসান, আজমীর হোসেন, আব্দুস সামাদ, মোহাম্মদ আজহারুল ইসলাম ও কাজী আশরাফুল হাসান।
এ সময় বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়; এটি শিশুর বিকাশজনিত একটি বিশেষ অবস্থা। সমাজে অটিজম নিয়ে এখনও কিছু নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, পৃথিবীর অনেক খ্যাতিমান ব্যক্তি অটিজম নিয়ে জীবনযাপন করেও নিজেদের মেধা ও কর্মের মাধ্যমে বিশ্বে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই অটিজম আক্রান্ত শিশুদের অবহেলা না করে তাদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
