স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী।
সোমবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার বাবলাতলায় এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের সেকেন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪২) এবং নেছার উদ্দিনের ছেলে আলমগীর শেখ (৪০)। তারা দুজনই পিকআপের যাত্রী এবং বাঙ্গি ব্যবসায়ী ছিলেন।
আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের বাসটির সঙ্গে টেকেরহাট থেকে বাঙ্গি বোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর একটি খাদে গিয়ে পড়ে।
