স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৬টার দিকে উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কাউন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত যাত্রীরা জানান, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলেও যাত্রীদের বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে টিকিট নিতে হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় যাত্রীরা বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবহন খাতে অনিয়ম অনেকটাই কমে আসবে এবং যাত্রীদের হয়রানি কমবে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পগুলোকে অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদ না করার জন্য সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
